টেকনাফে ২ লাখ ৩০ হাজার ইয়াবা সহ মিয়ানমারের একজন নাগরিককে আটক করা হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ২ লাখ ৩০ হাজার ইয়াবা সহ মিয়ানমারের এক নাগরিককে আটক করেছেন। গতকাল শনিবার সন্ধ্যা সাতটার দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জেলেপাড়ার বেড়িবাঁধ এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত আবদুর শুক্কুর (২১) মিয়ানমারের মংডু টাউনশিপের নাফ নদীর তীরে বসবাসকারী মৃত সালেহ আহমদের ছেলে। টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন হ্নীলা সীমান্ত চৌকির দক্ষিণ-পূর্ব পাশে জেলেপাড়ায় নাফ নদীর তীরে একটি দল টহল দিচ্ছিল। তখন বিজিবির সদস্যরা দেখতে পান, দুজন ব্যক্তি প্লাস্টিকের বস্তা কাঁধে নিয়ে নাফ নদী সাঁতরে শূন্যরেখা অতিক্রম করে জেলেপাড়ার দিকে আসছেন। বিজিবির সংকেতে ওই ব্যক্তিরা বস্তা ফেলে পালানোর চেষ্টা করেন। তাদের মধ্যে একজনকে আটক করা সম্ভব হয়। ফেলে যাওয়া দুইটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ২ লাখ ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, আটক আবদুর শুক্কুর জিজ্ঞাসাবাদে জানিয়েছেন যে তিনি দীর্ঘদিন ধরে মিয়ানমার থেকে ইয়াবার চালান বাংলাদেশে পাচার করে আসছেন। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Comments
Post a Comment